গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন হাফেজা খাতুন মালা (২৫) নামের এক নারী।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মালা তার দুই সন্তানকে নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের নয়ানী পারা ফাটপার এলাকার রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে চলন্ত রেলের নিচে পড়ার কারণে মা ও দুই সন্তানের দেহ খন্ডবিখণ্ড হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।